যানবাহনের চাপে স্থবির মহাসড়ক
বড় দুটো ধর্মীয় উৎসবের ছুটির শুরুতেই যানবাহনের তীব্র চাপে শুক্রবার রাজধানী থেকে উত্তর ও দক্ষিণের পথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
ভোররাত থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশেপাশের ২৫ কিলোমিটার এলাকা সন্ধ্যা পর্যন্ত যানজটে একপ্রকার স্থবির হয়ে থাকে।
আর গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে যানবাহন চলে শামুকের গতিতে।
ঘরমুখো মানুষের ঢল নামায় দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মাওয়া ঘাটেও যানজটের সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত মাওয়া থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত ২ কিলোমিটার সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত মুন্সীগঞ্জ অংশের ১১ কিলোমিটার এলাকায় বিকালেও গাড়ি চলেছে ধীরগতিতে।
একই মহাসড়কের কুমিল্লার আলেখারচর থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এবং ফেনীর মুহুরীগঞ্জ থেকে ফতেহপুরের ২০ কিলোমিটার এলাকায়ও দেখা যায় একই অবস্থা।
একইরকম পরিস্থিতি ছিল পাটুরিয়ার পথেও। রাতের ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সকালে কিছুটা কমে এলেও গাড়িতে গতি তুলতে পারেননি চালকরা।
দুর্গা পূজা ও কোরবানির ঈদের ছুটি শনিবার শুরু হলেও মাঝখানে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ কর্মদিবসেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করে। ঢাকা-টাঙ্গাইল বেহাল সড়কে রাতে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও জটিল হতে থাকে।
এরইমধ্যে বিভিন্ন স্থানে কোরবানির পশুবাহী ট্রাক বিকল হয়ে যানজট ভয়াবহ আকার ধারণ করে। পরিবার নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় ঘরমুখো যাত্রীদের।
মহাসড়কে যানবাহনের ধীরগতির বিষয়টি স্বীকার করে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থানে কোরবানির পশুবাহী ফিটনেসবিহীন ট্রাক বিকল হওয়ায় এবং সব জায়গায় যথেষ্ট পুলিশ মোতায়েন করা সম্ভব না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
তবে কোনো সড়ক ‘খারাপ অবস্থায় নেই’ বলে দাবি করেছেন কাদের।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল
যানবাহনের তীব্র চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে সারাদিনই গাড়ি চলে থেমে থেমে। ফলে এই পথে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৭ জেলার মানুষের।
হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, কয়েকটি ট্রাক বিকল হওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত এলাকায় এই যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে জট ছাড়ানো গেলেও যানবাহনের সংখ্যা অনেক বেশি হওয়ায় গতি বাড়াতে পারেননি চালকরা।
“ঢাকাগামী গরুর ট্রাক ও রাজধানীতে চলাচলকারী লোকাল বাসগুলোও এখন মহাসড়কে এসে পড়েছে। এসব গাড়ির অধিকাংশেরই ফিটনেস নেই। ফলে প্রায়ই সেগুলো বিকল হচ্ছে এবং যানজটের সৃষ্টি হয়।”
গাজীপুর
গাজীপুরের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় কালিয়াকৈর চন্দ্রা মোড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে টাঙ্গাইলে কয়েকটি স্থানে গরুবাহী ট্রাক বিকল হলে যানজট শুরু হয়। এর প্রভাব পড়ে গাজীপুরেও।
সালনা মহাসড়ক থানার ওসি শাহরিয়ার হাসান জানান, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনার পর সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা ও আশে-পাশের এলাকায় যানবাহনের লম্বা ‘টেইল’ সৃষ্টি হয়।
“মহাসড়কে ধারণক্ষমতার চেয়ে বেশি যানবাহনের কারণে মাঝেমধ্যেই যানজট হচ্ছে।”
এ মহাসড়কের গাজীপুর অংশের কড্ডা থেকে কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা হয়ে গোড়াই পর্যন্ত এবং কালিয়াকৈর নবীনগর মহাসড়ক মিলিয়ে ২৫ কিলোমিটার এলাকায়ও যানজট ছড়িয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নওগাঁগামী হানিফ পরিবহনের যাত্রী সোলায়মান মিয়া বলেন, “ভোরে ঢাকা থেকে বাসে উঠেছি। ৬ ঘণ্টায়ও চন্দ্রায় পার হতে পারিনি। সড়ক পরিবহনের দায়ত্বে যারা আছেন- তারা আমাদের কষ্টটা বোঝেন না।”
মাওনা মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাড়কে যানবাহনের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় এবং ওই গাজীপুরের অংশে চাল লেইনে উন্নীত করার কাজ চলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনে ছিল ধীরগতি।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, যানজট নিরসনে গাজীপুরে ৪২টি পয়েন্টে পুলিশের ৪২টি দল কাজ করছে। কালিয়াকৈর, মাওনা, চন্দ্রা, চান্দনা-চৌরাস্তায় ১৪টি আইপি ক্যামেরা এবং টঙ্গী, ভোগড়া ও চন্দ্রা এলাকায় তিনটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া কাজ করছেন আট শতাধিক পুলিশ সদস্য। তারপরও পরিস্থিতি সামলাতে বেগ পেতে হচ্ছে।
মাওয়া
শুক্রবার সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের ঢল নামে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মাওয়া ঘাটেও। ফেরির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যানবাহন আসায় ঘাট থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে যায়।
মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, “তিনটি রো রো ফেরিসহ ১৭ ফেরি সচল থাকলেও পারাপার করে কুলিয়ে উঠতে পারেনি। বেলা ১২টার সময়ও মাওয়ায় পারাপারের অপেক্ষায় ছিল তিন শতাধিক গাড়ি।”
যানজটের কারণে অনেকে মাওয়া পর্যন্ত গাড়িতে এসে এরপর লঞ্চ বা স্পিডবোটে করে পার হয়ে আবার কাওড়াকান্দি থেকে বাসে ওঠেন।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, মাওয়ায় যাত্রী নিরাপত্তা এবং অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধে চার শতাধিক পুলিশ কাজ করছে। এছাড়া ছয়টি বোট নিয়ে নৌ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে নৌ পুলিশ।
মুন্সীগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত মুন্সীগঞ্জ অংশে ১১ কিলোমিটার এলাকায়ও দিনের একটি বড় অংশ যানজট ছিল।
দুই সেতুই সড়কের তুলনায় অপ্রশ্বস্ত হওয়ায় ভোর থেকে অতিরিক্ত যান চলাচলের কারণে গাড়ির এই জট সৃষ্টি হয়। এছাড়া সেতু পার হওয়ার সময়ও মাঝে মাঝে বাস-ট্রাক বিকল হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয় বলে জানান ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম।
“জট থাকলেও গাড়ি থেমে নেই। ধীরগতিতে হলেও চলছে।”
কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও শুক্রবার এ মহাসড়কের কুমিল্লা অংশে দুপুর পর্যন্ত যানজট দেখা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ওসি সোহেল আহমেদ জানান, কুমিল্লার আলেখারচর থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ রয়েছে।
দিনের শুরুতেই যানবাহনের চাপ থাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের গতি মন্থর ছিল। ময়নামতি সেনানিবাস এলাকায়ও যানবাহনের চাপ দেখা যায়।
তবে গাড়ির এ চাপ যেন জটে পরিণত না হতে পারে সেজন্যে এ মহাসড়কে পর্যাপ্ত পুলিশ নিয়োগ করা হয়েছে বলে জানান ওসি সোহেল।
ফেনী
দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ থেকে ফতেহপুরের প্রায় ২০ কিলোমিটার অংশে যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে সারারাত যানজটে প্রচুর গাড়ি আটকে থাকায় ফেনী অংশে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
