২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন এক এনজিও কর্মকর্তা

ভোলায় বেসরকারি একটি সংস্থার অপহৃত কর্মকর্তা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

কোস্ট ট্রাস্ট-এর ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা মো. ইয়াকুব বুধবার রাতে ভোলা সদর থানায় একটি মামলা করেছেন।

তাতে মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেল হক ও তার চার সহযোগীকে আসামি করেছেন বলে সদর থানার ওসি মোবাশ্বের আলী জানিয়েছেন।

ভোলা শহরের কাঁচা বাজার এলাকায় হক ব্রাদার্স নামে একটি স্টেশনারি পণ্যের দোকান রয়েছে মোজাম্মেলের।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ইয়াকুব জরুরি কাজে শহরের জিয়া সুপার মার্কেটে যান। সেখানে থেকে এক ব্যক্তি তাকে মোজাম্মেলের হক ব্রাদার্স নামের দোকানে নিয়ে যান।

“সেখানে ইয়াকুবের কাছে মোজাম্মেল লক্ষাধিক টাকা পান দাবি করে তৎক্ষণাৎ তাকে টাকা দিতে বলেন। ওই মুহূর্তে ইয়াকুব কিছু বুঝে উঠার আগেই মোজাম্মেল ও অন্য আসামিরা তার কাছে থাকা মোবাইল ফোন, মোটরসাইকেলের চাবি ও ব্যাগ ছিনিয়ে নেয়।”

এরপর ইয়াকুবকে অস্ত্র ঠেকিয়ে একটি মোটর সাইকেলে তুলে  আলীনগর ইউনিয়নের একটি নির্জন বাগান বাড়িতে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

“সেখানে গিয়ে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা আনতে বলা হয় ইয়াকুবকে। এতে আপত্তি করলে লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে মোজাম্মেল ও তার সহযোগীরা। পরে বাধ্য হয়ে ইয়াকুব আত্মীয়দের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৪ হাজার টাকা আনেন।”

কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে ইয়াকুবের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের দুটি চেক আনিয়ে একটিতে ৯১ হাজার টাকা লিখে নিয়ে এবং অন্যটিতে টাকার অঙ্ক খালি রেখে স্বাক্ষর নেওয়া হয় মামলায় অভিযোগ করা হয়।

এ ব্যাপারে মোজাম্মেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ওসি মোবাশ্বের আলী বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।