২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র নির্যাতনে এক বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর নির্যাতনে সাতক্ষীরা সীমান্তের ওপারে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

নিহত বাংলাদেশীর নাম জগদীশ গোস্বামী (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিষ্ণুপদ গোস্বামীর ছেলে।

শনিবার সকালে সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতেই ভারতের দুদলী এলাকায় এই ঘটনা ঘটে বলে বিজিবি’র কুশখালী বর্ডার আউটপোস্টের (বিওপি) নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, “জগদীশ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুদলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এসময় তার উপর অমানবিক নির্যাতন চালায় বিএসএফ সদস্যরা।

“পরে তাকে  নৃশংসভাবে পিটিয়ে আহত করে সীমান্তের মেইন পিলার ৯ এর কাছে ফেলে রেখে যায়। দুপুরে সীমান্ত এলাকায় অচেতন অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।”

তিনি জানান, বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জগদীশকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বোন লিলি চক্রবর্তী জানান, তার ভাই বেশ কিছুদিন যাবত পেটের ব্যাথা ও নার্ভের সমস্যায় ভুগছিলেন। দেশিয় চিকিৎসকদের চিকিৎসায় ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তিনি অবৈধপথে ভারতে যাচ্ছিল।

“ভারতের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে বিএসএফ সদস্যরা ধরে ফেলে এবং তার ওপর অমানবিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়েছে।”

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সীমান্তে নয় নারী-পুরুষ আটক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ৯ জন নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি সদস্যরা।

শনিবার দুপুরে এই ঘটনায় আটকরা সবাই বাংলাদেশের নাগরিক।

তারা হলেন- পিরোজপুর জেলার জিয়ানগর থানার লুৎফর রহমান, জসিম হাওলাদার, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সেলিম মোল্যা, ইয়াসমিন আক্তার, কাইয়ুম মোল্যা, আলমগীর হোসেন, সুমাইয়া খাতুন, ইয়াসমিন বেগম ও শামীম আহমেদ।

সাতক্ষীরা ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভাতশালা বিওপি’র জেসিও নায়েব সুবেদার নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।”

তিনি জানান, আটকদের বিকালে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে।