চট্টগ্রামে গরুর হাটের শুরু, ক্রেতা কম
কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে ছোট বড় হাটগুলো শুরু হলেও গরু বিক্রির পরিমাণ এখনো অনেক কম।
শনিবার বিকাল থেকে নগরীর বিবিরহাট ও সাগরিকার মত বড় গরুর হাটের পাশাপাশি ছোট হাটগুলোতেও গরু বিক্রি শুরু হয়েছে।
তবে বাজারে আসা গরুর মধ্যে ভারতীয় গরুর সংখ্যাই বেশি। পাশাপাশি বাজারে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার দেশি গরু আসলেও ক্রেতার সংখ্যা কম।
ক্রেতাদের অনেকেই গরু দেখলেও এখনই কিনছেন না। বিক্রি হওয়া গরুর সংখ্যা একেবারেই হাতেগোনা বলে জানিয়েছেন বিক্রেতারা।
বিকালে বিবিরহাট গরুর বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে ভারতীয় গরুর সংখ্যাই বেশি। তবে সীমিত সংখ্যক মাঝারি আকারের দেশিয় জাতের গরু বাজারে আছে।
যশোর থেকে ভারতীয় সাদা রঙের ২৪টি বলদ গরু নিয়ে শনিবার সকালে চট্টগ্রাম এসে পৌঁছান বিক্রেতা আবুল কালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪টা গরু সাগরিকা বাজারে রেখেছি। আর বাকিগুলো নিয়ে বিবিরহাট বাজারে এলাম।
“একটা গরুও বিক্রি হয়নি। দিনে গরুর খাবার, কর্মচারীর খরচ মিলে প্রায় চার হাজার টাকা খরচ আছে। মাত্র তো বাজার শুরু হলো। দেখি কি হয়!”
ভারতীয় পাটনা জাতের প্রায় একশ’ গরু কিনে এনেছেন চট্টগ্রামের ব্যবসায়ী মো. এনাম।
তিনি বলেন, “বড় আকারের এসব গরুর প্রতিটি কেনা ও ট্রাক ভাড়া বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ পড়েছে।
“দাম চাইছি দুই থেকে আড়াই লাখ টাকা। এখনও একটা গরুও বিক্রি হয়নি। কেউ কেউ দরদাম করছেন। শহরের মানুষ এত আগে গরু কেনে না।”
এদিকে দেশিয় গরুর দাম বেশি বলেও মনে করছেন হাটে আসা ক্রেতাদের কেউ কেউ।
পরিবারের সদস্যদের নিয়ে বিবিরহাটে গরু কিনতে আসা হামজারবাগের শরিফুল হাসান বলেন, “একটা লাল রঙের দেশি গরু পছন্দ হয়েছে। দাম চাইছে দেড় লাখ টাকা। সত্তর হাজার টাকা পর্যন্ত বলেছি।
“সাপ্তাহিক বন্ধ থাকায় আজ বাজারে আসা। কিনতে না পারলে আবার পরে আসব।”
নগরীর বালুছড়া এলাকায় মো. কাসেম নাতিকে নিয়ে বাজারে এসেছেন। তিনি ২৭ হাজার টাকায় একটি দেশিয় জাতের গরু কেনেন।
বিবিরহাট বাজারে গরুর পাশাপাশি বিভিন্ন আকারের ছাগলও বিক্রি হচ্ছে।
বাজারের ইজারাদারদের একজন মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল থেকে গরু আসতে শুরু করেছে। বাজারও আজই শুরু হলো। দুয়েক দিন পর থেকে প্রচুর গরু আসবে। তখন বিক্রিও বাড়বে।”
