২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই খুন: জাপা নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর সদর উপজেলা নির্বাচনের পরদিন সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইলিয়াছ উদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

সদর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষে নিহত দুজনের মধ্যে ফারুকের ভাই সোহেল মিয়া বাদি হয়ে শুক্রবার রাতে ১১ জনকে আসামি করে এ মামলা করেন।

এতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিনের পাশাপাশি তার দুই ছেলেকেও আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হয়। পরদিন সকালে চরপক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে প্রতিপক্ষের সঙ্গে ভোট নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে ফারুক মিয়া (২৫) নিহত হন এবং তার ভাই সোহেল মিয়া আহত হন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ফারুককে তার কর্মী বলে দাবি করেন।

এর পর ওই দিনই ফারুক হত্যার অভিযোগে নিহতের স্বজনরাসহ বিক্ষুদ্ধ এলাকাবাসীর মারধরে ইলিয়াছ সমর্থক বলে পরিচিত আজের উদ্দিন (৫০) মারা যান।  তবে এ হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।

এদিকে হত্যা মামলার পর গ্রেপ্তারের ভয়ে শহর ও ভাগলদি গ্রামের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন।

মামলা প্রধান আসামি ইলিয়াছ উদ্দিন অজ্ঞাত স্থান থেকে মোবাইলে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি দায়ের করা হয়েছে।"

ওসি মাজহারুল বলেন, নিহত ফারুকের ভাইয়ের করা হত্যা মামলাটি নেয়ার পর বিষয়টির আরো তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।