মগবাজারে তিনখুনে আরো চারজন গ্রেপ্তার
মগবাজারে তিন খুনের ঘটনায় দায়ের করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে মামলার প্রধান আসামি কালাবাবু পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
র্যাব ৩ এর অপারেশন অফিসার রবিউল করিম জানান, শুক্রবার রাত ও শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনখুনের মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, রাজু (২০),অপু (৩০), সোহেল খান (২৮), বিল্লাল (২৪), কামাল(৩০)।
বিকাল সাড়ে ৩টায় র্যাব ৩ এর টিকাটুলির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুন্সীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে ধরা হয়েছে। এদের মধ্যে খুনের ঘটনায় সরাসরি জড়িত কালাবাবুর ঘনিষ্ঠ সহযোগী জাউরা কামাল ওরফে কামালও রয়েছে।”
গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে রানু আক্তার বৃষ্টি, বিল্লাল হোসেন ও মুন্না নিহত হন। ওই ঘটনায় বৃষ্টির ভাই শামীম ওরফে কালাচাঁন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
রেলের জমির দখল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানায়।
হত্যাকাণ্ডের পর প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি কালা বাবুসহ তিনজন গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কালা বাবু নিহত হন।
এরপর গত ২০ সেপ্টেম্বর র্যাবের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ ঘটনায় আরো ছয় জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
