ঝালকাঠীতে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ
ঝালকাঠীর শহরতলীতে অর্থ লেনদেন নিয়ে বাকবিতণ্ডার জের ধরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের সময় ব্যবসায়ীদের অন্তত ২০টি দোকান ভাংচুর করা হয় এবং দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠী অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব জানান, শুক্রবার রাত ৯টার পর শহরতলীর বাসণ্ডা এলাকায় নেছারাবাদ কামিল মাদ্রাসার ছাত্রদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মাদ্রাসা এলাকার পাশের ওই গ্রামে স্থানীয় রুহুল আমিনের বিকাশ আউটলেট থেকে টাকা তুলতে যায় মাহিম নামে এক মাদ্রাসা ছাত্র। লেনদেন নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে রাতে মাদ্রাসার একদল ছাত্রের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে রুহুলের দোকানসহ আশপাশের অন্তত ২০টি দোকান ভাংচুর করা হয়।
ঝালকাঠী সদর থানার ওসি শীল মনি চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাত পর্যন্ত মাদ্রাসা চত্বরে ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চালায় পুলিশ। মাদ্রাসা ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ঘটনায় দুপক্ষের কাউকেই আটক করা হয়নি বলে জানান ওসি শীল মনি।
মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান দাবি করেন, সন্ধ্যার ঘটনার পর ছাত্ররা রাতে খাবারের দোকানে গেলে ব্যবসায়ীরা কয়েকজনের উপর হামলা করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
