২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখরাবাদে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নং কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

মুরাদনগর উপজেলার গাংগাটিয়া এলাকায় অবস্থিত এ কূপে শুক্রবার আগুন জ্বালিয়ে উত্তোলনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়।

বাখরাবাদ গ্যাস ফিল্ড ইনচার্জ জাকির হোসেন তরফদার জানান, ৫ নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে শুক্রবার সকাল ১০টার দিকে আগুন জ্বালানো হয়। পরবর্তী ৪৮ ঘণ্টা পরীক্ষামূলকভাবে এ কূপে আগুন জ্বালিয়ে রাখা হবে। পরে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে।

এ কূপটি থেকে দৈনিক ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে কবে নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে তা তিনি জানাতে পারেননি।