পিছিয়ে গেল ফেলানীর বাবার সাক্ষ্য
আদালত মুলতবি হওয়ায় কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার পুনর্বিচারে তার বাবার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেল।
বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, কুচবিহারের বিএসএফ সদর দপ্তরে স্থাপিত স্পেশাল সিকিউরিটি ফোর্স আদালতে শুরু হওয়া পুনর্বিচার কাজ শুক্রবার সকালে তিনদিনের জন্য মুলতবি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিকালে এ আদালতে সাক্ষ্য দেয়ার কথা ছিল ফেলানীর বাবা নুর ইসলামের। এ কারণে কুড়িগ্রাম-৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ও পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন ও নুর ইসলাম সকালে ভারত যাচ্ছিলেন।
মুলতবি হওয়ার খবর জানার পর তারা কুড়িগ্রাম ফিরে আসেন।
লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক ফ্যাক্সবার্তায় মামলার দুই সাক্ষীর মধ্যে ফেলানীর বাবাকে পাঠানোর অনুরোধ জানানো হয়।
সে অনুযায়ী বিভিন্ন আনুষ্ঠানিকতা সেরে শুক্রবার সকালে তারা বিজিবির একটি গাড়িতে করে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের দিকে যাত্রা করেন।
কিন্তু লালমনিরহাট এলাকায় পৌঁছলে কুচবিহার বিএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে সাক্ষ্যগ্রহণ স্থগিতের কথা জানানো হয় তাকে।
তাকে জানানো হয়, শুক্রবার সকালে এ বিশেষ আদালত বসার পর বিচারক তিন দিনের জন্য মুলতবি ঘোষণা করেন। সাক্ষ্য নেয়ার দিনক্ষণ পরে জানানো হবে।
দুপুরে তারা কুড়িগ্রামে ফেরত আসেন বলে জানান বিজিবি পরিচালক।
ভারতের কুচবিহারের বিএসএফ সদর দপ্তরে স্থাপিত স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে গত সোমবার ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হয়।
প্রথমবার বিচারে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেয় বিএসএফের বিশেষ আদালত।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন বলেন, শুক্রবার বিকালে ফেলানীর বাবা নুর ইসলামের সাক্ষ্যগ্রহণ করার কথা ছিল। ফেলানীর মামা আব্দুল হানিফের তাদের সঙ্গে যাওয়ার কথা থাকলেও তাকে ডাকা হয়নি।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে ভারত থেকে ফেরার সময় চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের সদস্যের গুলিতে ১৫ বছরের কিশোরী ফেলানী নিহত হয়।
এর দুবছর পর ২০১৩ সালের ১৩ অগাস্ট কুচবিহার জেলার সোনারী এলাকায় ১৮১ বিএসএফ ব্যাটালিয়ন সদর দপ্তরে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয়। ওই বিচারে অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেয়া হয়।
এরপর ফেলানীর বাবা পুনরায় বিচারের আবেদন জানান ভারতীয় কর্তৃপক্ষের কাছে।
