২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা

চট্টগ্রামে পরিবেশ রক্ষায় এবং মাদক ও  ইয়াবা বিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 10:43 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

বেসরকারি  টেলিভিশন ‘চ্যানেল আই’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১২ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিকালে নগরীর ওয়াসা মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। চট্টগ্রামের পুলিশ প্রশাসন যুবসমাজকে রক্ষায় সে যুদ্ধে শামিল হয়েছে।” 

মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা মাদক ও  ইয়াবা ব্যাবসা করে অল্প পুঁজিতে তাড়াতাড়ি বড়লোক হতে চান তাদেরকে ব্যবসা পরিবর্তন করতে হবে।”

মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কেউ পুলিশ বাহিনীতে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থার নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি এ ব্যবসা পরিবর্তন না করে তাদের চট্টগ্রাম শহর ছেড়ে চলে যেতে হবে।”

চট্টগ্রামের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সাহাব উদ্দিন, যুবলীগ নেতা জাহেদুর রহমান সোহেল প্রমুখ।

শোভাযাত্রাটি ওয়াসা মোড় থেকে শুরু হয়ে আলমাস সিনেমা মোড়, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

চট্টগ্রামের সাইক্লিস্টদের সংগঠন দলছুট, দ্বিচক্রযান, এফএনএফ রাইডার্স, ফড়িং, চিটিজি সাইক্লিস্ট, অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগং, রয়েল সাইক্লিস্ট চিটাগং, আগ্রাবাদ সাইক্লিস্ট ক্লাবের সদস্যরা ছাড়াও নগরীর বিভিন্ন বয়সী কয়েকশ’ সাইক্লিস্ট শোভাযাত্রায় অংশ নেন।