২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গরুতে নিষিদ্ধ ওষুধ পরীক্ষা হচ্ছে না

যশোরের সাতমাইল পশুহাটে নিষিদ্ধ ডাইক্লোফেনাক দেয়া ভারতীয় গরু আসলেও তা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ  বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 10:23 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার দূরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এই পশু হাটে আসা ভারতীয় গরু ব্যাপারী বিশ্বনাথ দাস জানান, ভারতের হরিয়ানাসহ বিভিন্ন প্রদেশ থেকে সীমান্ত পর্যন্ত গরু আনতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে। এই দীর্ঘ পথ গরুগুলোকে ট্রাকে করে এবং হাঁটিয়ে আনা হয়।

এ সময় পশুগুলো ঠিকমতো খাবার পায় না। প্রাণীগুলো যাতে নিস্তেজ ও অসুস্থ না হয়ে পড়ে সেজন্য এদের শরীরে ডাইক্লোফেন ইনজেকশান ও ভিটামিন দেয়া হয় বলে জানান এই ব্যাপারী।

শনি ও মঙ্গলবার  বসা এই হাটটি এরই মধ্যে ভারতীয় গরুতে সয়লাব হয়ে গেছে। এখানে ৯৫ ভাগ গরুই ভারতীয় এবং ক্রেতাদের ৮০ ভাগই পাইকার।

দেশের ২০টি জেলার এক হাজার পাইকার প্রতি হাটে এখানে গরু কিনতে আসেন বলে জানান হাটের নিয়ন্ত্রক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম।

হাটে কথা হয় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার মল্লিকপুর খলসি গ্রামের আবুল কালাম ব্যাপারীর সঙ্গে।

তিনি বলেন, “হাট থেকে ১৩৫টি ভারতীয় গরু কিনেছি। ২০টি গরু দিয়ে একটি ট্রাক চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা গরুর হাটে পাঠিয়েছি।

“আরো ৬ ট্রাক গরু সেখানে পাঠাবো।”

এসব গরু ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা দরে বেচবেন বলে তার আশা।

কুষ্টিয়ার হাতিয়া গ্রামের আলিমুদ্দিন ব্যাপারী ৫৫টি গরু কিনে তা ঢাকার গাবতলী ও আগারগাও পশু হাটে পাঠাচ্ছেন।

রাজশাহীর পশু ব্যবসায়ী আফজাল হোসেন ৪৪টি মহিষ কিনে নিয়ে যাচ্ছেন রাজশাহীর সিটি হাটে।

বাগআচড়া ভুমি অফিসের তহশীলদার (নায়েব) রবিউল ইসলাম জানান, কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের ২০টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসাহীরা আসেন সীমান্তের এই হাটে।

হাটের অধিকাংশ গরু ওপারের। যশোর-সাতক্ষীরা সীমান্তের গরু ব্যবসায়ীদের পাশাপাশি ওপারের বিক্রেতারাও তাদের গরু বেচার জন্য এ হাটে আসেন।

এদিকে ঢাকাসহ দেশের সব গুরুত্বপূর্ণ হাটে পশুর সুস্থতা পরীক্ষার জন্য চিকিৎসক টিম থাকবে বলে সম্প্রতি সরকারিভাবে ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কমকর্তা এটিএম শরিফুর আলমও স্বীকার করেন হাটে তেমন কোন ব্যবস্থা নেই।

তিনি বলেন, “তবে প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।”

পশুর দেহে ডাইক্লোফেনাক পুশ করা আছে কিনা তা পরীক্ষা করার কোন ব্যবস্থা তাদের নেই বলেও জানান শার্শা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস।

২০১০ সালে গবাদি পশুর চিকিৎসায় বিশেষ করে গরু মোটাতাজাকরণে ডাইক্লোফেন জাতীয় ইনজেকশন ব্যবহার নিষিদ্ধ করে সরকার।

কী পরিমাণ গরু এই হাট থেকে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে তার ধারণা পাওয়া গলে বাগআচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের কথায়।

তিনি বলেন, “কোরবানীর ঈদ সামনে তাই দেশের বিভিন্ন জেলার বড় বড় বাজার ধরতে পাইকাররা এখানে আসছেন।

“প্রতি হাট থেকে প্রায় ২০০ ট্রাক, মিনিট্রাক এবং পাঁচ শতাধিক পিকআপ ভ্যান, নসিমন, করিমন ও আলমসাধু গরু বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন পাইকাররা।”