গাইবান্ধায় তীব্র নদী ভাঙন
কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চারটি ইউনিয়নে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। এতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ দুই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল আউয়াল মিয়া জানান, যমুনা নদীর তীরবর্তী ফজলুপুর, এরেন্ডাবাড়ী, গজারিয়া ও উদাখালী ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
ওই চারটি ইউনিয়ন এখন বিলীন হওয়ার হুমকির মুখে রয়েছে বলে জানান তিনি।
ফজলুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল বলেন, গত চারদিন থেকে নতুন করে আবারো ভাঙন চলছে। ভাঙনের ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা হচ্ছে ফুলছড়ির কালাসোনা গ্রামে।
তিনি জানান, নদীগর্ভে বিলীন হয়েছে দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাসোনা জামে মসজিদ, উত্তর কালাসোনা জামে মসজিদসহ অনেক বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি।
কালাসোনা গ্রামের বাসিন্দা শাহজামাল মিয়া বলেন, "নদী ভাঙনে বাড়িঘর হারিয়ে পূর্ব প্রান্ত থেকে কালাসোনার পশ্চিম পান্তে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানেও শেষ রক্ষা হলো না। রাক্ষুসি যমুনার ভাঙনে সবকিছু নদীতে ভেসে গেল।"
উড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার বলেন, নতুন করে নদী ভাঙনের ফলে নদীর তীরবর্তী লোকজন দিশেহারা হয়ে পড়েছে। ভাঙন কবলিত লোকজন অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন।
গজারিয়া ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানরা নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া জানান, "এ মুহূর্তে তাদের কিছু করার নাই।
"ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
