সালথায় ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত
ফরিদপুরের সালথা উপজেলায় বুধবার রাতে পণ্য বোঝাই একটি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হন সাত জন।
সোনাপুর-ফুলবাড়িয়া সড়কের চরবাংরাইল বাঁকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন সালথার মাঝারদিয়া গ্রামের আমিনউদ্দিন ফকিরের ছেলে মজিবর ফকির (৪৬) ও ফজলু মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৪২)।
রাত ৮টার দিকে চরবাংরাইল বাকা ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা নয় ব্যক্তি আহত হন।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, উদ্ধার করে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসারত অবস্থায় রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মজিবর ও জুলহসের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
