বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ২ কর্মীর মৃত্যু
রাজধানীর উত্তরায় সরবরাহ লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিতরণ সংস্থা ডেসকোর দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
ডেসকোর প্রকৌশলী মো. মিজান জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার গাউসুল আজম সড়কে এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
মৃত দুজন হলেন- ডেসকোর সহকারী লাইনম্যান আবু বকর (৩০) ও আল মামুন সুমন (২৮)।
আহতদের মধ্যে আওলাদ হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর তৈয়ব আলীকে (২৮) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মিজান বলেন, গাউসুল আজম সড়কে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে তার ঠিক করছিলেন ওই চার কর্মী। এ সময় ভুলবশত ওই লাইনে সরবরাহ চালু করা হলে বিদ্যুতায়িত হয়ে উপর থেকে পড়ে যান তারা।
সঙ্গে সঙ্গে আবু বকর, আল মামুন সুমন ও আওলাদ হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আবু বকর ও সুমনকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুতায়িত হওয়ায় আওলাদের শরীরও ঝলসে গেছে বলে জানান তিনি।
