কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন
কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত লিয়াকত আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে।
এ ঘটনার পর থেকে ছেলে একলাস আলী পলাতক।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী বলেন, পারিবারিক বিষয়ে সকালে লিয়াকত আলীর সঙ্গে ছেলে একলাসের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে একলাস ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি এনামুল হক বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। এ পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।”
