নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি
উজান থেকে নেমে আসা ঢলে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। পানির তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় জেলা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আত্রাই উপজেলার।
রানীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনিরুল ইসলাম পাটোয়ারী জানান, বৃহস্পতিবার ভোরে পানির তোড়ে নওগাঁ-আত্রাই সড়কের মির্জাপুর এলাকায় ১৫০ ফুট ও মিরাপুরে ১৫ ফুট সড়ক ভেঙে জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যায় দুই উপজেলার ৩০ গ্রামের প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া প্রায় পাঁচ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। সেইসঙ্গে প্রায় পাঁচ হাজার হেক্টর আমন ধানের জমি তলিয়ে গেছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মুক্তার হোসেন খান জানান, নওগাঁ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি সকালে বিপদ সীমার ৪১ সেন্টিমিটার ও আত্রাই নদীর পানি বিপদ সীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
