রামেক হাসপাতালে দালালসহ আটক ১১
নির্দিষ্ট সময় না মেনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করায় ছয় ওষুধ বিক্রয় প্রতিনিধিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
আটক বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধিরা হলেন, নগরীর সুলতানাবাদ এলাকার মাসুম রানা (৩৪), হোসনিগঞ্জের মোখলেসুর রহমান হৃদয় (২৭), নাটোরের শহিদুল ইসলাম অপু (৩১), জামালপুরের শ্রীপুর এলাকার আহাম্মেদ আলী (৩০), নওগাঁর সাপাহারের আসাদুল্লাহ (৩৩) ও মান্দা উপজেলার মিজানুর রহমান (২৯)।
রোগী ভাগিয়ে নেয়ার দালাল সন্দেহে আটকরা হলেন, দূর্গাপুরের নাওপাড়া এলাকার শাহজামাল (২২), বুলবুল আহাম্মেদ (২৭), নগরীর মহিষবাথান এলাকার বিদ্যুৎ (২৭), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমির ইসলাম (৩০) ও সবির মিস্ত্রি (৪৫)।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৎপর। এরই অংশ হিসেবে হাসপাতালে বিশেষ অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছিল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এএসআই ইমরান বলেন, হাসপাতালের ভেতরে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ঢোকার নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু তারা গোপনে হাসপাতালে ঢুকে চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
অভিযানে তাদের ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন ক্লিনিকে নেয়ার চেষ্টা করার সময় আরও পাঁচ দালালকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
