পাহাড়ি ঢলে নেত্রকোনার ৩ উপজেলা প্লাবিত
কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার ১৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে দুর্গাপুর পৌর শহর ও নাজিরপুর বাজারে।
সোমবার রাতে উজান থেকে নেমে আসা ঢলে তিন উপজেলার ১৯ টি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসক ড. তরুণ কান্তি মজুমদার বলেন, কয়েকদিন ধরেই পানি বাড়ছিল। রাতের ঢলে পানি বন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। স্থানীয় প্রশাসনসহ সেনা বাহিনী ও বিজিবি দূর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। বন্যা দূর্গতদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২০ মেট্রিক টন চাল।
তিনি জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, কাকৈরগড়া,বাকলজোড়া, চন্ডিগড়, দুর্গাপুর, বিরিশিরি ইউনিয়নের সব কয়টি গ্রাম এবং পৌরসভার শিবগঞ্জ বাজার, মুজিবনগর, চরমোক্তার পাড়া, বোকাইকান্দা এলাকা ঢলের পানিতে তলিয়ে গেছে।
দুর্গাপুর ও শিবগঞ্জ বাজারের সোমেশ্বরী নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
কলমাকান্দা উপজেলার নাজিরপুর, লেংগুরা, খারনৈ, রংছাতি, পুগলা, কৈলাটি, বরখাপন ও সদরসহ সবকয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ২০ হাজার হেক্টর জমির রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। ডুবে গেছে পুকুর ও মাছের ঘের।
পূর্বধলা উপজেলার জারিয়া বেড়ি বাধেঁ পানি উপচে জারিয়া, ঘাগড়া, ধলামূলগাঁও, জামধলা ইউনিয়নের ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশীমোহন সরকার জানান, মঙ্গলবার সকালে বিরিশিরি পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
