২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভাংচুরের চেষ্টা, আটক ৫

বিচারপতিদের সরানোর ক্ষমতা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল চট্টগ্রামেও ঢিলেঢালাভাবে চলছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2014, 02:09 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

সোমবার দুপুর পর্যন্ত নগরীতে অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও গাড়ি ভাংচুরের চেষ্টার সময় পাঁচ হরতাল কর্মীকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে দুজনকে আটক করে কোতোয়ালী পুলিশ।

কোতোয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করায় দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে প্রাইভেট গাড়ি কম চলাচল করলেও গণপরিবহণ চলাচল করছে।

চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি এলাকায় গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে তিন পিকেটারকে আটক করা হয়েছে।

এদিকে নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর সমাবেশ চললেও সাড়ে ১০টা পর্যন্ত অন্য দলগুলোর কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের ছোট ছোট মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হলেও নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন ছাড়া উল্লেখযোগ্য কোনো নেতার উপস্থিতি চোখে পড়েনি।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে নাসিমন ভবনের সামনে রাস্তায় রিকশা ভ্যান ফেলে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে হরতালকারীরা।

এসময় পুলিশের সঙ্গে হালকা ধাওয়া-ধাওয়ি হয়। এরপর পুলিশের ধাওয়ায় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের আশেপাশের অলিগুলিতে ঢুকে যায়।

পরে তারা আবার সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে রবিউল হোসেন ও দিদার নামের দুই ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, “দলীয় কার্যালয়কে ঘিরে সীমিত এলাকায় সমাবেশ করছে হরতাল সমর্থকরা।”

এদিকে দূর পাল্লার কোন বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক আছে।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আাজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে এবং চট্টগ্রাম পৌঁছেছে।

এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, পোশাক কারখানার কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।