অনুদান পেলেন দস্যুর কবল থেকে মুক্ত ৭ নাবিক
সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত সাত নাবিককে পাঁচ লাখ টাকা করে অনুদান দিয়েছে সরকার।
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার সচিবালয়ে নাবিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক তাদের হাতে তুলে দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়া নাবিকরা হলেন- গোলাম মোস্তফা, মো. আমিনুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসাইন, ইমন সরকার, আবুল কাশেম সরদার ও নুরুল হক।
সোমালিয়ার জলদস্যুদের হাতে সাড়ে তিন বছরেরও বেশি সময় বন্দি থাকার পর মুক্তি পেয়ে গত ১২ জুন বাংলাদেশে ফেরেন এই সাত নাবিক।
ফাইল ছবি
চেক প্রদান অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, “এটা নাবিকদের জন্য সামান্য সহযোগিতা। তাদের নতুন করে কাজে ফেরাতেও আমাদের সহযোগিতা থাকবে।”
সাড়ে তিন বছর আটক থাকার সময় সি-টাইম (চাকরিকাল) বিবেচনার সুযোগ না থাকলেও এই নাবিকদের ক্ষেত্রে তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
নাবিকদের উদ্ধারে চেষ্টার কোনো ত্রুটি ছিল না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে ৭০ থেকে ৮০ লাখ বাংলাদেশি রয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে সমানভাবে নিরাপত্তা দিতে পারি না। এখন মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের দিকে আমরা নজর রাখছি।”
অন্যদের মধ্যে নৌ সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক বিভাগের সচিব খুরশিদ আলম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া ও শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পিনাক-৬: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন
তদন্ত প্রতিবেদন অনুযায়ী মাওয়ায় পিনাক-৬ লঞ্চডুবির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নৌমন্ত্রী।
গত ৪ অগাস্ট পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার পর ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। সরকারি হিসাবে নিখোঁজ যাত্রীর সংখ্যা ৬১।
দুর্ঘটনার দিনই ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে নৌ মন্ত্রণালয়। গত রোববার কমিটি নৌমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “সবাইকে অবহিত করার জন্য শিগগিরই তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিবেদনটি আমরা কোনভাবেই ফ্রিজে ঢুকাব না।”
তদন্ত প্রতিবেদনের সুপারিশ কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।
কমিটির আহ্বায়ক দুই-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের সামনে আসবেন বলেও জানান নৌমন্ত্রী।
