২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে যুবকের লাশ

নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের দুশ গজ ভেতরে বাংলাদেশ অংশে লাশটি পাওয়া যায়।

নিহত মমিনুল ইসলাম (২০) সাপাহার উপজেলার কলমুডাঙ্গা চৌমুহনী গ্রামের আশরাফ আলীর ছেলে।

মমিনুলকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

তার বাবা আশরাফ আলী বলেন, “শনিবার রাতে সীমান্তের ওপারে গরু আনতে যান মমিনুল। সীমান্তের ২৩৮(২এস) পিলারের পাশ দিয়ে গরু নিয়ে আসার সময় বিএসএফ এর হাতে ধরা পড়েন তিনি।”

তিনি অভিযোগ করেন, তার ছেলেকে নির্যাতন করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে বিএসএফ।

এদিকে ওই সীমান্তে রোববার রাতে এচাহক আলী (১৯) নামের আরেক যুবককে বিএসএফ আটক করে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

এচাহক আলী একই উপজেলার পার হাপানিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

ইউসুফ আলী বলেন, সীমান্তের ২৩৭ পিলারের পাশ দিয়ে এচাহক গরু নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটায় । এরপর থেকে নিখোঁজ রয়েছে এচাহক।

ঘটনাস্থলে রক্তের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল আকতার বলেন, “দুটি ঘটনার শুনেছি এবং লাশ উদ্ধারের জন্য বিজিবিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

“প্রকৃত ঘটনা জানতে বিকালে ভারতের পাবর্বতীডাঙ্গা ক্যাম্পের বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়েছে। এখনও চিঠির কোনো জবাব পাইনি।”