২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাস্টমস’ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

আগের আইনের হালনাগাদ করে বাংলায় প্রণীত ‘কাস্টমস আইন’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ২০১৬ সাল থেকে এ আইন কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে।

“বিদ্যমান কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ সালে প্রণীত। বিভিন্ন সময়ে এর অনেকগুলো সংশোধন হয়েছে। এতো সংশোধন হয়েছে যে আর সংশোধন না করে নতুন আইন করাই যুক্তিযুক্ত মনে করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাব নিয়ে আসে।”

সচিব বলেন, নতুন আইনে আগের বিধিগুলোর হালনাগদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক আইন ও চুক্তির সঙ্গে সমন্বয় করা হয়েছে। 

“রিভাইজড কিয়োটে কনভেনশন (আরকেসি) ও ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের সেইফ ফ্রেমওয়ার্ক অব স্ট্যান্ডার্স এ বাংলাদেশ স্বাক্ষর করেছে। সে আলোকে এ আইন করার প্রয়োজন আছে।”

মোশাররাফ হোসাইন বলেন, এ আইন কার্যকর হলে সরকারের রাজস্ব ব্যবস্থাপনা ‘আরো স্বচ্ছ ও যুগোপযোগী’ হবে; ‘ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ’ সৃষ্টিতে তা সহায়ক হবে এবং এতে ঝুঁকি ব্যবস্থাপনার দিকটিও প্রতিফলিত হবে।

“বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেড ফেসিলেটেশন এগ্রিমেন্টে (টিএফএ) বাংলাদেশ স্বাক্ষর করেছে। তার দিকগুলোও প্রতিফলিত হবে এ আইনে।”

সচিব বলেন, বিদ্যমান আইনে আমদানি ও রপ্তানি পণ্যরে ঘোষণার পদ্ধতিতে ‘অসামজ্ঞস্যতা’ রয়েছে, যা নতুন আইনে ‘সহজ’ করা হচ্ছে। লেনদেন মূল্যায়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবস্থাও এতে রাখা হয়েছে।

তিনি বলেন, খসড়া যাচাই বাছাইয়ের পর মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেলে প্রস্তাবিত আইনটি পাসের জন্য সংসদে যাবে।

“এতে খুব বেশি সময় লাগার কথা নয়। এ আইন বাস্তবায়নের জন্য অবকাঠামো উন্নয়ন এবং বিধিবিধান সংশোধনে সময় লাগবে।”