স্বামীর এসিডে ঝলসে গেছেন আশা
রাজশাহীর পবা উপজেলায় স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে এক গৃহবধূর মুখমণ্ডল ও শরীর।
দগ্ধ আয়েশা খাতুন আশা (১৮) গত তিনদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রোববার রাতে পুলিশ আশার স্বামী মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে। মিজান পবার দামকুড়াহাট এলাকার আব্দুল মালেকের ছেলে।
আশার মা নাদিরা বলেন, নয় মাস আগে মিজানের সঙ্গে আশার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ি মিনি বেগম তাকে মেনে নিতে পারেননি।
“যৌতুকের জন্য প্রায় সময় আশার উপর শারীরিক নির্যাতন চালাতো স্বামী ও শাশুড়ি। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় মিজান স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে। এতে আশার মুখমণ্ডল, হাত, বুক ও পেট ঝলসে যায়।
“আশার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মোসাদ্দেক হোসেন বলেন, আশার শরীরে এসিড জাতীয় দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছে। এতে তার শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে।
পবা থানার ওসি মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। রোববার গভীর রাতে অভিযান চালিয়ে দামকুড়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। তার শাশুড়িকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
