২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ের শাস্তি ২ বছর জেল

বাল্যবিয়ে বন্ধের জন্য দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2014, 01:49 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪’ এর খসড়ায় নীতিগত অনুমাদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছরের কম হলে প্রস্তাবিত আইন অনুযায়ী তা ‘বাল্যবিয়ে’ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

“বিবাহকারী, বিয়ে পরিচালনাকারী ও অভিভাবককে এই শাস্তি দেয়া যাবে। তবে নারীদের ক্ষেত্রে কারাদণ্ড প্রযোজ্য হবে না।”

সচিব জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিভাবে এ ধরনের বিয়ে বন্ধ করে দোষীদের সাজা দেয়ার বিধান রাখা হয়েছে খসড়ায়। আর বিয়ে বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে পারিবারিক আদালতে।

তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধে তৈরি ১৯২৯ সালের আইনে ১ মাসের জেল ১ হাজার জরিমানার বিধান ছিল। পরে তা সংশোধন করে ১ মাস জেল ও ১০ হাজার জরিমানার বিধান করা হয়।

তারপরও বাল্য বিয়ের ঘটনা ঘটায় শাস্তির পরিমাণ বাড়িয়ে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন করে এই আইনের প্রস্তাব করা হয়েছে বলে জানান সচিব।

অবশ্য বয়সের বিষয়ে মন্ত্রিসভা একটি পর্যবেক্ষণ দিয়েছে জানিয়ে সচিব বলেন, “আমাদের দেশের সামাজিক বাস্তবতার নিরিখে এ বয়স কমানো যায় কিনা- তা পর্যালোচনা করতে বলেছে মন্ত্রিসভা। ট্রপিক্যাল দেশগুলোতে কম বয়সে বয়োপ্রাপ্ত হয়- এই বাস্তবতা বিবেচনা করে আইন মন্ত্রণালয়কে রিভিউ করতে বলা হয়েছে।”

বয়স প্রমাণের পদ্ধতি সম্পর্কে খসড়ায় বলা হয়েছে, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও এসএসসির সনদের মাধ্যমে পাত্রপাত্রীর বয়স প্রমাণ করা যাবে।

এছাড়া বিভিন্ন পর্যায়ে ‘বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি’ গঠন করার কথাও খসড়া আইনে বলা হয়েছে।

সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে এসব কমিটি করা হবে বলে মোশাররাফ হোসাইন জানান।