পাচারের জন্য জড়ো করা ১২ জনকে সীতাকুণ্ড থেকে উদ্ধার
অবৈধভাবে মালয়েশিয়া পাঠাতে জড়ো করা ১২ জনকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে অংশ নেয়া ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কবির হোসেন জানান, রোববার ভোরে উত্তর সলিমপুরে একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
অভিযানে বাড়িটির তত্বাবধায়ক সোনা মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামে। বাবার নাম তফাজ্জল হোসেন।
সার্জেন্ট কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সলিমপুরের নতুন দাইয়াপাড়ায় মানব পাচারকারী দলের সদস্য জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়।
কবির হোসেন জানান, আটক সোনা মিয়া পুলিশকে জানিয়েছে, সমুদ্র পথে ট্রলারে করে তাদের মালেশিয়া নেয়ার কথা বলে এখানো জড়ো করা হয়। দালালরা তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ট্রলার ঠিক করার কথা বলে ঘরে তালা দিয়ে চলে যায়।”
“উদ্ধার হওয়ারা জানিয়েছে, মালয়েশিয়া পৌঁছে জনপ্রতি আড়াই লাখ টাকা করে দালালদের দেওয়ার কথা ছিল।”
তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাজউদ্দিন, নওশাদ, রুবেল ও খোরশেদ নামের চার পাচারকারীকে ধরতে অভিযান চলছে, বলেন সার্জেন্ট কবির।
