চবি শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ রোকেয়ায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বাসে বোমা হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ শোভাযাত্রা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন শেষে দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি সাইদুল হক বলেন, হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
মানববন্ধনের পর একই দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যরা ক্যাম্পাসে প্রতিবাদ শোভাযাত্রা করেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমাজের সদস্য সচিব ড. গাজী মাজহারুল আনোয়ার বলেন, “স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির বুদ্ধিজীবী নিধনের লক্ষ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এখনই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আরো বেপরোয়া হয়ে উঠবে তারা।”
বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী সড়কের ছাড়ারকূল এলাকায় হল খুলে দেওয়ার দাবিতে ‘সাধারণ ছাত্রছাত্রী’র ব্যানারে আন্দোলনরত শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাসে হাতবোমা নিক্ষেপ করে। এতে শিক্ষকসহ ১৪ জন আহত হন।
