যশোরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল।
মণিরামপুর থানার ওসি মোল্যা মোহাম্মদ খবির আহমেদ জানান, রোববার ভোরের দিকে উপজেলার আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান সরদার আমিনপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মণিরামপুর থানায় সাতটি মামলা রয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, ওসমান সরদার এলাকায় ‘ওসমান ডাকাত’ নামে পরিচিত। গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুরে তাকে আটক করে পুলিশ।
“রোববার ভোরে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে আমিনপুর গ্রামে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ওসমান ডাকাতের লোকজন গুলি ছুড়লে পুলিশও ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওসমান ডাকাত নিহত হন।”
এছাড়া কনস্টেবল নজরুল ও প্রবীর কুমার আহত হয়েছেন।
লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
