মুন্সীগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
নিহত মাসুদ ব্যাপারী (৩৫) উপজেলার ধলাগাঁও গ্রামের মফিজল ব্যাপারীর ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইয়াদৌস হাসান জানান, শনিবার রাতে উপজেলার মাকহাটিতে কুপিয়ে আহত করে মাসুদের অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ সময় ছিনতাইকারীরা ধরালো অস্ত্র দিয়ে মাসুদের গলায় তিনটি আঘাত করে তাকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়।
পরে পথচারী ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় মাসুদকে নিয়ে হাসপাতালে রওনা হলে পথেই তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।
