লালবাগে মারামারিতে আহত আ. লীগ কর্মীর মৃত্যু
রাজধানীর আজিমপুরে একটি কাঁচাবাজারের আধিপত্য নিয়ে দুপক্ষের মারামারিতে আহত এক আওয়ামী লীগকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিন জানান, রোববার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাহাব উদ্দিন সাবুর (৪৫)।
তার বাড়ি লালবাগের রসুলবাগে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান ওসি।
সাবু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী শাহিন আক্তার।
স্বামী আহত হওয়ার পরদিন শনিবার তিনি বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলাও করেন। এতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়।
মামলার পরপরই পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি মফিজ উদ্দিনসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এরা হলেন-আলম মিয়া, বাবু, মাসুম, আনোয়ার ও আলমগীর।
এলাকার ছাপড়া মসজিদের কাছের ওই কাঁচাবাজার দখল নিয়ে সংসদ সদস্য হাজী সেলিম ও সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে মারামারি হয়ে বলে স্থানীয়রা জানালেও ওসি মুত্তাকিন তা নাকচ করে বলেন, “কাঁচাবাজার পুলিশ অনেক আগেই গুঁড়িয়ে দিয়েছে। ঘটনার পর সাবুকে দেখতে হাজী সেলিম দুই বার হাসপাতালেও আসেন।”
নিহত সাবুর দুটি সন্তান রয়েছে।
