২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কর্মীকে গুলির পর জবাই

মাদারীপুর সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করার পর জবাই করে হত্যা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 09:29 AM

Updated : 25 Apr 2022, 04:41 PM

কয়েকজন এলাকাবাসী জানিয়েছে, হত্যাকারীরা চরমপন্থি সংগঠন ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ সদস্য।   

মাদারীপুর থানার ওসি এমদাদ হোসেন জানান, শনিবার রাত ১১টার দিকে ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আজিজুল চৌকিদার (৩৫)।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ জানান, নিহত আজিজুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন।

ওসি এমদাদ জানান, রাতে মাদ্রা বাজারের কাছের একটি মোড় থেকে বাড়ি ফেরার পথে আজিজুলকে মুখোশ পড়া ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধাওয়া করে পাশের একটি বাড়ির ভেতরে নিয়ে গুলি করে আজিজুলকে। পরে জবাই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে ও আমি ঘরে ছিলাম। হঠাৎ মেয়ে আমাকে বলে মা, কারে জানি ধাওয়া করছে। আমি দরজা খুলতে গেলে ওরা গালি দিয়ে বলে, ‘আমরা সর্বহারা, দরজা খুললে মেরে ফেলবো। ঘরের দরজা দিয়ে লাইট বন্ধ করে রাখ।’ পরে ভয়ে আমরা দরজা খুলি নাই। তবে ৮/৯টি গুলির শব্দ পাইছি।”

আজিজুলকে গুলি ও জবাই করে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে পূর্ব বাংলা সর্বহারা পার্টির স্লোগান দিয়ে সন্ত্রাসীরা চলে যায় বলেও জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।