রাউজানে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকতারা।
শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) মালিকানাধীন রাউজান ২৫ মেগাওয়াট ‘ডুয়েল ফুয়েল’ বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল ট্যাংকে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিন থেকে বের হওয়া স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়।
“আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সেখানকার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।”
আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান মাহাবুবুল আলম।
