২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভরা বর্ষা’য় তুরাগের সীমানা নির্ধারণ শুরু

উচ্চ আদালতের নির্দেশে ‘ভরা বর্ষা’য় তুরাগের সীমানা নির্ধারণ কাজ শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 05:19 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শনিবার দুপুরে গাজীপুরের ধৌড় এলাকায় তুরাগ তীরে জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম লাল পতাকার খুঁটি পুতে এ কাজের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন যৌথভাবে সীমানা নির্ধারণ করছে।

তিনি বলেন, ২০১২ সালে তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণের পর দখলদাররা সীমানা পিলার নষ্ট করে ফেলে এবং নদীর সীমানায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আবার দখল করে।

এনিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষে উচ্চ আদালতে রিট করা হয়। এপ্রেক্ষিতে আদালত দখলদারদের উচ্ছেদ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পরে উচ্চ আদালত আরেকটি আদেশে ভরা বর্ষায় তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। এ নির্দেশনা মতে ভরা বর্ষা মৌসুমে নদীর স্বাভাবিক পানি যে পর্যন্ত গড়ায় সে পর্যন্ত নদীর সীমানা ধরা হচ্ছে।

সীমানা নির্ধারণের সময় গাজীপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. মোহসীন, বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ, গাজীপুর সদর উপজেলার ইউএনও ফৌজিয়া রহমান, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) বিনিতা রাণীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ২০১২ সালে এ এলাকায় ৫০৩টি সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। বর্তমানে ভরা বর্ষা মৌসুমে নদীর সীমানা নির্ধারণ করতে আরো ৬০/৭০টি পিলার নির্মাণ ও স্থাপন করতে হবে। এজন্য বেশ সময়ের প্রয়োজন হবে।