চবি শিক্ষক বাসে হামলায় আরো তিনজন গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হাতবোমা হামলায় আরো তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হল।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, শুক্রবার রাতভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কটেজে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
“তারা সবাই শিবিরকর্মী। শিক্ষকবাসে হামলার বিষয়টি তারা স্বীকার করেছেন,” বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের মধ্যে গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল স্থানে শিক্ষকবাসে হামবোমা ছুড়লে ১১ শিক্ষকসহ ১৪জন আহত হন।
শিবিরকর্মীরাই ওই হামলা চালায় বলে শিক্ষকদের অভিযোগ।
হামলার পরপরই ঘটনাস্থলের আশপাশে এবং ক্যাম্পাসে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে পুলিশ। পরে গত শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হাটহাজারি সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরো পাঁচ জনকে।
এদিকে বোমা হামলার পরদিনই ঘটনা তদন্তে একটি কমিটি করে বিশ্ববিদ্যালয়।
এ ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা করেছে, যাতে শিবিরকর্মীসহ ৯৫ জনকে আসামি করা হয়েছে।
