ফেনীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২
ফেনীর দুটি উপজেলা থেকে একটি হত্যামামলার পলাতক এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন বাচ্চু (৩৪) সোনাগাজী উপেজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং সাইফুল ইসলাম (৩৮) দাগনভূঁঞা উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. ছালেহ জানান, বৃহস্পতিবার বিকেলে ফেনী বোগদাদিয়া ফাঁড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের মোহদিয়া গ্রামের নিজাম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি আমজাদ দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
দাগনভূঁঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম জানান, বৃহস্পতিবার দুপুরে একাধিক মামলার পলাতক আসামি দাগনভূঁঞা উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাইফুল দাগনভূঁঞা উপজেলার খুশিপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
