শেরপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার
শেরপুরের নকলা উপজেলায় এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অমিত হাসান অনিক (১৮) উপজেলার ইসিবপুর মহল্লার আমির হোসেনের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এসআই শহিদুজ্জামান বলেন, বুধবার ইমান আলী ও সুজন নামে দুই সহযোগীকে নিয়ে নকলা পৌরসভার হলপট্টি এলাকায় চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ওড়না ও হাত ধরে টানাটানি করে অনিক। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় তারা।
“এ ঘটনায় ওইদিনই ওই ছাত্রীর চাচা তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অনিক নকলা থেকে পালিয়ে ময়মনসিংহের কলেজ রোডের একটি ছাত্র মেসে আশ্রয় নেয়।”
এসআই শহিদুজ্জামান আরো জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশের সহায়তায় অনিককে গ্রেপ্তার করা হয়েছে।
