চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জ্যোৎস্না বেগমের (২৪) লাশ উদ্ধারের পর থেকে তার স্বামী সাগর বৈদ্য (৩৫) পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত বলেন, দুপুর ১টার দিকে হালিশহরের ঈদগাঁ এলাকার বাসা থেকে জ্যোৎস্নার লাশ উদ্ধার করা হয়।
“তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ কর্মকর্তা তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাসায় শ্বশুর-শাশুড়ি ও স্বামী সাগরের সঙ্গে ছিলেন জ্যোৎস্না। সকালে তার লাশ পাওয়া যায়।
এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
