হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।
সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, স্থানীয় একটি দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় তিনিসহ আহত পরিদর্শক (তদন্ত) নূরুল ইসলাম, এএসআই কুসুম সূত্রধর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া উভয়পক্ষের আহত অনেকেই হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি নাজিম উদ্দিন বলেন, বুধবার মধ্যরাতে স্থানীয় দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলকে শায়েস্তানগর এলাকার দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সোহেলের গ্রামের বাড়ি বহুলা এলাকার লোকজন একত্র হয়ে শায়েস্তানগর এলাকায় হামলা চালায়। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
