‘এমন গানের পাখি বার বার আসে না’
দীর্ঘ সাত দশক নজরুলের সুর আর বাণীতে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চিরবিদায় নেয়া কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের এই ভিড়ে সরকারের মন্ত্রী ও দেশের শীর্ষ রাজনীতিবিদরা যেমন ছিলেন, তেমনি ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নজরুল গবেষক, ফিরোজা বেগমের সান্নিধ্য পাওয়া সংগীত শিল্পী, এমনকি নজরুলের গানের সাধারণ শ্রোতারাও।
তারা বললেন, এমন শিল্পী বার বার জন্ম নেয় না, সংগীতের এমন শিক্ষকও যুগে যুগে আসে না।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে ফিরোজা বেগমকে দাফন করা হয়।
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রাতে হাসপাতালের হিমঘরে রাখার পর বুধবার সকাল ৮টার দিকে তার কফিন নিয়ে আসা হয় ইন্দিরা রোডের বাসায়। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা দেড়টার দিকে শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
তার আগেই সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল হাতে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন।
নজরুল সংগীতের আরেক বিশিষ্ট শিল্পী খালিদ হোসেনের দেখায় ফিরোজা বেগম ছিলেন ‘স্নেহময়ী একজন মহান শিল্পী’। স্মতিচারণ করতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়ে ওঠে তার কণ্ঠ।
“তার সাথে যত অনুষ্ঠানে গেছি, সবখানেই তিনি প্রাধান্য পেতেন। কিন্তু আমাদের দেখেশুনে রাখতেন। বাইরে এক ধরনের কাঠিন্য ধরে রাখলেও যারাই তার কাছাকাছি যেতে পেরেছেন, তারা তার ভেতরটা বুঝতে পেরেছেন।”
তিনি বলেন, “এ রকম শিল্পী বার বার জন্ম নেয় না, তিনি একজন ক্ষণজন্মা শিল্পী। নজরুল সংগীতের মহান এক শিল্পী চলে গেলেন, এটাই সবচেয়ে বড় ক্ষতি।"
শ্রদ্ধা জানাতে এসে ফিরোজা বেগমের সঙ্গে প্রথম পরিচয়ের কথা স্মরণ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
“১৯৫৮ সালে তার সঙ্গে প্রথম পরিচয়। সে সময় জানতাম না তিনি একজন বিখ্যাত সংগীত শিল্পী। ২০ বছর পরে জানতে পারি উনি এতো বিখ্যাত।
“এর কয়েক বছর পর এক অনুষ্ঠান মঞ্চে উনাকে কে পরিচয় করিয়ে দেবে আয়োজকরা তা ঠিক করতে পারছিল না। তখন ফিরোজা বেগম নিজেই বললেন- ‘আমাকে পরিচয় করিয়ে দেবে মুহিত’। সেদিনই তার স্নেহ আর ভালবাসা প্রমাণিত হয়ে গেল।"
কেবল শিল্পী হিসাবে নন, সংগীতের শিক্ষক হিসাবেও যে ফিরোজা বেগম ‘অনন্য’ ছিলেন- তা স্পষ্ট হয় নজরুলসংগীত শিল্পী ও ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলের কথায়।
“সাধারণত কোন শিল্পী জনপ্রিয় হয়ে গেলে শিক্ষকতার কাজটা সহজে করতে পারেন না। কিন্তু তার কাছে আমরা নতুনরা অনেক কিছু শিখেছি। তিনি মাঝে মধ্যেই নতুন শিল্পীদের সঙ্গে নিয়ে ইনস্ট্রাকশন দিতে বসতেন।"
অনুষ্ঠানে মঞ্চের পরিবেশনায় নজরুলকে যথাযথভাবে উপস্থাপনের বিষয়েও ফিরোজা বেগমের ছিল সজাগ দৃষ্টি।
শাকিল বলেন, "তিনি বলতেন, যেনতেনভাবে অনুষ্ঠান করবে না। গানের মাধ্যমে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ।"
ঢাকা বিশ্ববিদ্যালয় এমিরেটাস অধ্যাপক ও নজরুল বিশেষজ্ঞ ড. রফিকুল ইসলাম বলেন, ফিরোজা বেগমকে অনেক ঘাত প্রতিঘাত পেরোতে হয়েছে, দেশত্যাগী হতে হয়েছে। কিন্তু কখনই তিনি আপস করেননি।
“নিরলস সাধনা, সংগীতের প্রতি একাগ্রতা এবং আপস না করা- তার জীবন থেকে এর সব কিছুই আমাদের শেখার আছে।”
নজরুল সংগীতে এক জীবনে অসংখ্য শ্রোতাকে মুগ্ধ করেছেন ফিরোজা বেগম। চিত্রশিল্পী হাশেম খানও তার একজন মুগ্ধ শ্রোতা।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে হাশেম খান বলেন, “ফিরোজা বেগম ফিরোজা বেগম হয়ে উঠছেন সংগীতের প্রতি ভালবাসা থেকে। ছোটবেলা থেকে ফিরোজা বেগমের গান শুনে আমার যে মুগ্ধতা তা আজও কাটেনি।
"তিনি নজরুল সংগীত গাইছেন না অন্য গান গাইছেন সেটা বিষয় নয়, এত সুন্দর করে গাইতে পারতেন- যা একজন মফস্বলের ছেলেকে গান ভালবাসতে শিখিয়েছিল।"
১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জে জন্ম নেয়া ফিরোজা যখন গানের জগতে প্রবেশ করেন তখনকার বাঙালি মুসলমান সমাজে মেয়েদের সংগীতের তালিম নেয়া সহজ বিষয় ছিল না। কিন্তু বয়স দশ বছর পেরুনোর আগেই তার কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ হন খোদ কবি নজরুল ইসলাম।
১৯৫৫ সালে সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজার। নজরুলের সরাসরি সংস্পর্শে আসা কমল বিদ্রোহী কবির প্রায় এক-তৃতীয়াংশ গানে সুর দিয়েছেন। ফিরোজা নিজেও পরে নজরুলের গানের স্বরলিপি তৈরি করেন; সুর সংরক্ষণে ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে কবির নাতনী খিলখিল কাজীও শহীদ মিনারে এসেছিলেন শ্রদ্ধা জানাতে।
তিনি বলেন, "অনেক ছোট বেলায় যখন তিনি দাদুর কাছে গান শিখতে যেতেন, তখন থেকেই তিনি আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছিলেন।"
নজরুল সংগীতের প্রচার ও প্রসারে ফিরোজা বেগম অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন শিল্পী শবনম মুশতারী। তার ভাষায় ফিরোজা ছিলেন ‘হীরক খণ্ড’।
“নজরুলের তো অনেক গান আছে, কিন্তু তার মধ্যে মাত্র কয়েকটিই আগে রেডিও টেলিভিশনে প্রচার করা হতো। নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান আমরা তার মাধ্যমেই পেয়েছি।"
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শুরুতেই শিল্পীর কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দেয়া হয়।
পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, পর্যটনমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও দিপু মণি, বিএনপি চেয়ারপার্সনের পক্ষে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন, জাসাসের পক্ষে গাজী মাজহারুল আনোয়ার এই শিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত শুভার্থীদের উদ্দেশে শিল্পীর ছেলে হামিন আহমেদ বলেন, ফিরোজা বেগমের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
“মা সারা জীবন আমাদের দিয়ে গেছেন, দেশবাসীকে দিয়ে গেছেন। সারা জীবন ধরে নজরুল সংগীতের সাধনা করে নজরুল সংগীতকে দেশবাসী ও বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন।"
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
হামিনের ভাই শাফিন আহমেদসহ শিল্পীর পরিবারের সদস্যরা এ সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে ৩টায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শেষ হয় এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।
শিল্পীর কফিন নিয়ে সবাই যখন গুলশানের আজাদ মসজিদের পথে রওনা হলেন, শহীদ মিনার প্রাঙ্গণের মাইকে তখন ফিরোজা বেগমের কণ্ঠেই বাজছিল নজরুলের সেই গান- ‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে'।
