রিফাত হত্যা: পাঁচজনের যাবজ্জীবন বহাল, খালাস ১
হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের ছোট ভাই নূরুল ইসলাম রিফাত হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে একজনকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করে।
আপিল বিভাগের রায়ে শামসু হাবিব ওরফে বিদ্যুৎ, সরফরাজ আহমেদ ওরফে কার্জন, মানিক আহমেদ খান, আবু রায়হান ওরফে রানা ও রাসেল কবির ওরফে রোমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
তবে বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক ওরফে রাসেলকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
বিচারিক আদালতে একই দণ্ডপ্রাপ্ত তাজউদ্দিন আহমেদ ওরফে টিটু এর আগে হাই কোর্ট থেকে খালাস পান।
তেজগাঁও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নূরুল রিফাতকে ১৯৯৭ সালের ২৭ জানুয়ারি হত্যা করার হয়। পরে মহাখালীতে রেল লাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের আরেক ভাই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ১৯৯৮ সালের ৭ জানুয়ারি মামলার আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০০০ সালের ৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সাত বছর পর ২০০৭ সালের ২১ জুন ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
ওই রায়ে বিচারক বলেন, আসামিরা তরুণ বলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
আপিল শুনানিতে ওমর ফারুকের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। বাদীপক্ষে শুনানি করেন আব্দুল মতিন খসরু।
