পঙ্কজ দেবনাথকে প্রধানমন্ত্রীর ধমক
সংসদ অধিবেশনে প্রশ্ন করতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমক শুনলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির ঠিক আগে তারকা চিহ্নিত ৩৮৮ নম্বর প্রশ্ন উত্থাপন করতে সংসদে গোলাম দস্তগীর গাজীকে আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দস্তগীর গাজী অধিবেশনে অনুপস্থিত থাকায় তার পক্ষে প্রশ্নটি উত্থাপন করতে বরিশালের সংসদ সদস্য পঙ্কজকে বলেন স্পিকার।
এবারই প্রথম সংসদে আসা পঙ্কজ তখন দাঁড়িয়ে বলেন, “মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি অনেকক্ষণ ধরেই একটি সম্পূরক প্রশ্ন করতে চেয়েছিলাম। ভালোই হল, আপনি আমাকে মাইক দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন।”
এরপর প্রশ্নটি উত্থাপন না করে কথা বলেই যাচ্ছিলেন পঙ্কজ।
সংসদ নেতা শেখ হাসিনা তখন নিজের আসনে বসে এক হাতে কলম নিয়ে ফাইলপত্র দেখছিলেন। হঠাৎ ডান দিকে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে কিছু ধমকের সুরে পঙ্কজকে কিছু বলেন তিনি।
এই সময় সাংবাদিক গ্যালারি থেকে প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘ধ্যাৎ’ শব্দটি শোনা যায়।
এরপর কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গেই পঙ্কজ তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করেন।
এসময় সেখানে ছিলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, বর্তমান প্রধান হুইপ আ স ম ফিরোজসহ কয়েকজন সংসদ সদস্য।
শেখ হাসিনা তখন আব্দুস শহীদকে বলেন, “এগুলো শেখাবেন।”
প্রধানমন্ত্রীর কথা শেষ হওয়ার পরে অন্য সংসদ সদস্যদেরও পঙ্কজের সঙ্গে কথা বলতে দেখা যায়।
হাওলাদারের পিঠ চাপড়ালেন বাবলু
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের পিঠ চাপড়ে দিয়েছেন তার স্থলাভিষিক্ত জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরুর কিছু সময় পর তাজুল ইসলাম চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন, কাজী ফিরোজ রশীদ, আনোয়ার হোসেন মঞ্জু পাশাপাশি বসে গল্প করছিলেন।
৫টা ৫১ মিনিটে অধিবেশন কক্ষে ঢোকেন বাবলু। কয়েকজনকে ডিঙিয়ে নিজের আসনে যাওয়ার সময় হাসিমুখে বেশ কয়েকবার হাওলাদারের পিঠ চাপড়ে দিতে দেখা যায় বাবলুকে। এসময় রুহুল আমীন হাসছিলেন।
ওই সময় অধিবেশন কক্ষে বিরোধী দলের নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন না।
৫ জানুয়ারির নির্বাচনের দুই মাস পরই রুহুল আমীনকে সরিয়ে বাবলুকে মহাসচিব করেন এরশাদ।
