মামলা নিষ্পত্তিতে দেরির কারণ খুঁজছে সরকার
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, বিডিআর বিদ্রোহের মতো গুরুত্বপূর্ণ মামলার বিচারে দেরির কারণ খুঁজছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলাগুলোর বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো গতিশীল করার তাগিদ দেয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ দুই মন্ত্রণালয়র ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুত্বপূর্ণ মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।
“সরকারের উচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা। তাই মামলাগুলোর নিষ্পত্তির সমস্যা কোথায়, তা চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।”
“কী কারণে মামলাগুলোতে বিলম্ব হচ্ছে তা বোঝার চেষ্টা করছি,” বলেন সচিব।
কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষী হাজির করা কঠিন হয় বলে বৈঠকে আলোচনায় উঠে এসেছে।
বৈঠকে আলোচনায় উঠে আসা সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার নয় বছরেই শেষ হয়নি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষে বেরিয়ে আসার সময় গ্রেনেড হামলায় নিহত হন কিবরিয়াসহ পাঁচজন।
ওই ঘটনায় হবিগঞ্জ-১ আসনের বর্তমান সাংসদ আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
প্রথমে ১০ জনকে আসামি করে সিআইডি এই মামলার অভিযোগপত্র দিলে কিবরিয়ার পরিবার তাতে ‘না রাজি’ দেয়। এরপর নতুন করে তদন্তের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
২০০৪ সালে ২১ অগাস্টের গ্রেনেড মামলায় ঢাকার আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। এই পর্যন্ত ১০২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যামামলায় আদালতের রায় হলেও বিস্ফোরক আইনের মামলাটির সাক্ষ্যগ্রহণ এখনো চলছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলাটিও আলোচনায় ওঠে। আলেচিত এই খুনের মামলাটি তদন্ত করছে র্যাব।
