ব্যাটারিচালিত রিকশামালিকদের হতাশ করল পুলিশ
আদালতের নির্দেশের বাইরে গিয়ে চলাচলের অনুমতি দেয়ার এখতিয়ার নেই বলে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশামালিকদের জানিয়ে দিয়েছে চট্টগ্রাম পুলিশ।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশামালিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানানো হয়।
ব্যাটারিচালিত রিকশা মালিকদের টানা কয়েকদিনের বিক্ষোভের পর অনুষ্ঠিত এই বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিরাও ছিলেন।
উচ্চ আদালতে করা আটটি রিট আবেদনের মধ্যে চারটি এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে জানিয়ে বৈঠকে রিকশা মালিকরা তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নগরীতে চলাচলের অনুমতি চান।
তখন সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, “সময় দেয়ার ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারবে না।বিষয়টি আদালতের এখতিয়ার।
“আমরা আইনের বাইরে যেতে পারব না। আপনারা রিটে সিটি কর্পোরেশন ও পুলিশকে বিবাদী করেছেন। আদালত রিট খারিজ করে দেয়ায় পুলিশের করণীয় কিছু নেই।”
সরকারি আইনজীবী ও বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করেই বন্দর নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা হয়েছে বলেও জানান বনজ কুমার।
সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার ফারুক আহামেদ বলেন, “রিকশা মালিকরা একটি ধারায় আটটি রিট আবেদন করেছে। আদালতে রিট করে মালিকরা রিকশার সংখ্যা বাড়িয়েছেন।”
এ ধরনের রিকশা কোনো সংস্থার আইনের আওতায় না আসায় বিভিন্ন ধরনের সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
সিটি করপোরেশেন ব্যাটারিচালিত রিকশা গ্যারেজ তৈরির অনুমতি দিয়েছে- মালিকদের এই দাবির পরিপ্রেক্ষিতে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, “সিটি করপোরেশন সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ করার অনুমতি দিয়েছে। ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ নির্মাণের অনুমতি দেয়নি।”
সিটি করপোরেশন শুধু প্যাডেলচালিত রিকশার নিবন্ধন দেয়ার এখতিয়ার রাখে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত বিআরটিএর পরিদর্শক প্রদীপ কুমার দেব ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে বিআরটিএ কোনো নির্দেশনা দিতে পারবে না বলেও জানিয়ে দেন।
বৈঠকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান, ট্রাফিক বন্দর জোনের সুজায়েত ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন চালক-মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আদালতের নির্দেশে গত ৩১ অগাস্ট থেকে বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করে নগর পুলিশ।
এর প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকরা আন্দোলনে নামেন। সর্বশেষ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর সিটি গেইটে সড়ক অবরোধ করে সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের বাসভবন ঘেরাও করে। পরে নগর প্রশাসনের পক্ষ থেকে সিএমপির সঙ্গে বৈঠকের আশ্বাসে ঘেরাও তুলে নেয় তারা।
