২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষের শিক্ষকসহ ২০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 08:29 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার সকালে সংঘর্ষের সময় উপচার্যের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করা হয়। পরে পুলিশ হলে অভিযান চালিয়ে ছয় শিক্ষার্থীকে আটক করে।

সংঘর্ষের মধ্যে ইটের আঘাতে আহত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিনারুল ইসলামকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জের এএসপি সার্কেল মো. মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হলে সিট বরাদ্দসহ  ১৭ দফা দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিনারুল ইসলাম আহত হন।

মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরপর শিক্ষার্থীদের একটি অংশ লাঠি-সোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।”

শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে আরো পাঁচজন আহত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন হলের ছাদে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পাঁচ পুলিশ আহত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে এসেছে বলে জানান তিনি।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকরা বিভাজন সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. জাকির হোসেন লিখিতভাবে অনুমতি দেয়ার পর শিক্ষকদের সঙ্গে নিয়ে হলে প্রবেশ করি। তারা ছয় শিক্ষার্থীকে দেখিয়ে দেয়ার পর আমরা আটক করি।”

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খাইরুল আলম খান বলেন, “কিছু সংখ্যক শিক্ষার্থী অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে আমার উপর হামলার চেষ্টা করেছে।”

এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগ করে ভিসি বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।”