জাবিতে ‘মিডিয়া ডে’ পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে পালিত হয়েছে ‘মিডিয়া ডে’।
সোমবার সকালে নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ‘জেএমএস মিডিয়া ডে ২০১৪’র উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এসময় চ্যানেল আইয়ের পরিচালক কৃষিবিদ শাইখ সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ কামরুল আহসান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি মাসরুর শাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ‘মিডিয়া ডে’র মূল অনুষ্ঠানে সাখাওয়াত আলী খান এবং শাইখ সিরাজকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে ‘শতভাগ সঠিক সংবাদ প্রকাশের কোনো বিকল্প নেই’ উল্লেখ করে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, “মানুষ ঘটনার সঠিক সংবাদ জানতে চায়। সত্য লুকানোর মধ্যে ঘটনার প্রতিকার হয় না। সঠিক এবং সৎ সাংবাদিকতাই সমাজ বদলে দিতে পারে।”
‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক আলোচনায় সংবাদ মাধ্যমে কৃষিখাতকে আরো গুরুত্ব দেয়ার দাবি জানিয়ে শাইখ সিরাজ বলেন, “আমাদের দেশে রাজনৈতিক সংবাদকেই সবসময় লিড নিউজ করা হয়। আমাদের এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।”
“কৃষিখাতের মত একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে আমরা অবহেলা করছি। সে তুলনায় গার্মেন্টসহ আরো কিছু খাতকে আমরা অনেক বেশি গুরুত্ব দেই।”
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জন্য নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের নির্ধারিত অংশের নির্মাণ কাজের উদ্বোধন, জেএমএস জার্নালের মোড়ক উন্মোচন, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, টক-শো, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল দিনব্যাপি আয়োজনে।
২০১১ সালের ২১ ডিসেম্বর চালু হওয়ার পর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ প্রথমবারের মত এরকম অনুষ্ঠানের আয়োজন করল।
