২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ফুটপাত দখলে ‘প্রভাবশালী মহল’

ঢাকার দুই সিটি করপোরেশনের অবিরাম চেষ্টার পরও ‘প্রভাবশালী মহলের’ কারণে ফুটপাতগুলো দখলমুক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 07:53 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

তিনি সোমবার সংসদে বলেছেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

“কিন্তু অবৈধ দখলদার/হকাররা উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করছে। একই স্থানে বার বার উচ্ছেদ অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।”

মন্ত্রী বলেন, “সিটি করপোরেশনের সদিচ্ছা ও প্রচেষ্টা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতার অভাব এবং ফুটপাত দখলে প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতার কারণে অবৈধ দখলদারদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করা সম্ভব হয় না।”

তবে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত প্রয়াসে শিগগিরই ফুটপাতগুলো সম্পূর্ণ দখলমুক্ত হবে।

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ এদিন সংসদে অনুপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তার দেয়া উত্তর উপস্থাপন করেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে জানানো হয়, গ্রাম পুলিশের সদস্যদের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান স্কেল দেয়ার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ নীতিগত সিদ্ধান্ত নিয়ে তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে।

“এছাড়া গ্রাম পুলিশের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ও শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় সম্বলিত ‘গ্রাম পুলিশ বিধিমালা’ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে সংসদকে জানানো হয়, দুর্গম ও অনগ্রসর এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কৌশলপত্র প্রণয়ন করে প্রকল্প গ্রহণের কাজ শুরু হয়েছে।

ইসরাফিল আলমের আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সারাদেশের সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় সাড়ে তিন হাজার কোটি টাকা চাহিদার বিপরীতে ৯০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার লিখেও কোনো কাজ হয় না এমকি তার জবাবও পাওয়া যায় না বলে শামসুর রহমানের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, “অবশ্যই ডিও লেটারের জবাব দিলে ভালো হতো, আমি দুঃখ প্রকাশ করছি।

“তবে নতুন অর্থ বছরে অনেক কাজ শুরু হয়েছে, ‍পুরাতন ডিও লেটারগুলো দেখে ব্যবস্থা নেয়া হবে।”