২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম অটোরিকশার মিটারবিহীন চলাচলে কঠোর ব্যবস্থা

সিএনজিচালিত অটোরিকশা ভাড়ার লাগাম টানতে চালকদের মিটারে চালানোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 06:57 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

নির্দশনা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।

সোমবার নগর পুলিশ সদর দপ্তরে অটোরিকশা চালক-মালিকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১ সালের নীতিমালা অনুযায়ী চালকদের মিটারের মাধ্যমে ভাড়া আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।

“যাদের অটোরিকশায় সংযোজিত মিটারে সমস্যা আছে তাদের তা সংস্কার করে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।”

তিনি বলেন, “কোনো চালকের বিরুদ্ধে মিটারে ভাড়া আদায় না করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিঁয়ার করে দেয়া হয়েছে।”

বৈঠকে নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার, ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার ফারুক আহামেদ, বন্দর জোনের সুজায়েত ইসলামসহ চালক-মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।