২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঘুষ খেয়ে পুলিশের এসআই শ্রীঘরে

বাগেরহাট সদরে এক হোটেলের মালিকের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে পুলিশের এক সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 05:31 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

অভিযুক্ত এসআই মোশারফ হোসেন বর্তমানে গোপালগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

সোমবার দুপুরে বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাগেরহাট মডেল থানায় এসআই হিসেবে কর্মরত থাকা অবস্থায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুরের একটি হোটেলের মালিক জাহেদা বেগম ২০১০ সালের ২৭ এপ্রিল বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি লিখিত অভিযোগ করেন।

জাহেদার আইনজীবী নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে এসআই মোশারফ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগকারী জাহেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ৩১ মার্চ রাতে বাগেরহাট মডেল থানার এসআই মোশারফ আরো দুই পুলিশ সদস্য সঙ্গে নিয়ে তার আবাসিক হোটেলে গিয়ে এক লাখ টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করায় তাকে ও হোটেলের বোর্ডার হোসেন খাঁকে থানায় ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠান এসআই মোশারফ।

তারা দুজন জামিনে মুক্ত হওয়ার পর মোশারফ আবার তাদের সঙ্গে দেখা করে অভিযোগপত্রে নির্দোষ দেখানোর বিনিময়ে আবারো এক লাখ টাকা দাবি করেন।

বাধ্য হয়ে তারা এক লাখ টাকা দিলে তাদের নির্দোষ উল্লেখ করে এসআই মোশারফ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন বলে দাবি করেন তিনি।

পরে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় একই বছরের ২৭ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ করেন জাহেদা বেগম।

আইনজীবী নূর মোহাম্মদ জানান, মোশারফ হোসেনের বিরুদ্ধে আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।

দুদকের তদন্তে ঘুষ নেওয়ার বিষয়টি প্রমাণিত না হওয়ায় ২০১১ সালের ৫ সেপ্টেম্বর তাকে নির্দোষ দেখিয়ে আদালতে একটি প্রতিবেদন দেওয়া হয়।

এরপর আদালত স্বঃপ্রণোদিত হয়ে এসআই মোশারফকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু তিনি আদালতে হাজির না হলে চলতি বছরের ১৪ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ৩ সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশন জারি করে আদালত।