স্ত্রী হত্যা: স্বামীর ফাঁসির দণ্ড কমে যাবজ্জীবন
স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলেও আপিলের পর শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।
মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতির আবেদন এবং আসামির জেল আপিল শুনানির পর সোমবার বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি আবদুর রব এই রায় দেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
২০০৬ সালের ৪ মে বরগুনা জেলার পাথরঘাটা এলাকায় স্ত্রী রুনু বেগমকে পিটিয়ে হত্যা করেন শামীম নামের ওই ব্যক্তি। এরপর শামীমসহ ৭জনকে আসামি করে হত্যা মামলা করেন রুনু বেগমের ভাই।
ফাইল ছবি
এরপর নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতির জন্য বিষয়টি হাই কোর্টে আসে। আসামি শামীম নিজেকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন।
উভয় আবেদনের শুনানির পর আদালত মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ভীষ্মদেব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন। তবে কোন গ্রাউন্ডে (যুক্তিতে) এই রায় দিয়েছেন, সেটা বলেননি। বিস্তারিত রায়ে নিশ্চয়ই সেটা পাওয়া যাবে।”
