২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান থেকে খসে পড়ল তেলের ট্যাংক

বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকায় দুটি তেলের ট্যাংক পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 02:49 PM

Updated : 26 Jul 2022, 12:43 PM

এ ঘটনায় বিমানটির ভৈরবে জরুরি অবতরণ করার কথা শোনা গেলেও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি অস্বীকার করেছে। 

রায়পুরা থানার ওসি কাজী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১১টার দিকে ডৌকারচর ইউনিয়নের পিবিনগর ও কাসিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে বলে জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পাশাপাশি দুটি বিমান যাওয়ার পথে হঠাৎ করে একটি বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় বিমানটি থেকে বিকট শব্দে দুটি বস্তু মাটিতে পড়ে।

এর মধ্যে একটি পড়ে কাসিমনগর গ্রামের একটি বসতঘরের পাশে; আরেকটি পাশ্ববর্তী পিবিনগর গ্রামের কৃষি জমিতে। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, “বিমান বাহিনীর সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছে, সেগুলো তেলের ট্যাংক।”

এ ঘটনার পর কিশোরগঞ্জের ভৈরবে বিমানটির জরুরি অবতরণের কথা শোনা গেলেও সেটি ঢাকায় ফিরে গেছে বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ জানান।

আইএসপিআর-এর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানটি নিরাপদে ঢাকায় ফিরে এসেছে। তেলের ট্যাংক পড়েছিল, আর কোনো সমস্যা হয়নি। জরুরি অবতরণের খবরও সঠিক নয়।”