সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, যাকে বনদুস্য বলে দাবি করছে পুলিশ।
কালিগঞ্জ থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার ভোরের দিকে মৌতলা গ্রামের নামাজগড়ে এ ঘটনা ঘটে।
“গুলিবিদ্ধ ফজলুল হক (২৬) বনদুস্য জিয়া বাহিনীর অন্যতম সদস্য। তার হাঁটুতে গুলি লেগেছে।”
ফজলুকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “তার (ফজলুল) বিরুদ্ধে কালিগঞ্জ ও শ্যামনগর থানায় অস্ত্র, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বাড়ি কালিগঞ্জের মৌতলা গ্রামে।”
ওসি জানান, মৌতলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবরে এসআই শহীদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের দিকে বোমা ছোড়ে ও গুলি চালায়।
“এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে জিয়া বাহিনীর অন্যতম সদস্য বনদুস্য ফজলুল হাঁটুতে গুলি লাগে। তবে বাকিরা পালিয়ে যায়।”
ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি হাতবোমা ও একটি দা উদ্ধার করেছে বলে জানান ওসি।
